২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মাঠের বাইরে নতুন লুকে আলোচনায় নেইমার। ফ্যাশন সচেতন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার নিজের চেহারায় এনেছেন নতুনত্ব। তার ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই তারকাকে।
শনিবার রাতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নেইমার চুলে আগের তুলনায় আরও হালকা সোনালি রং করেছেন। দুই পাশের চুল ছোট করে ফেলেছেন, আর মাথার ওপরের চুলগুলো রেখেছেন তুলনামূলক লম্বা। তার এই নতুন হেয়ারস্টাইল অনেকটা ২০১৮ সালে পিএসজিতে খেলার সময়ের লুকের সঙ্গে মিলে যায়। তখনও চুলে ব্লন্ড রং করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমার আগেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই টুর্নামেন্টটিকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি। তারপরও অভিজ্ঞতার ওপর ভরসা রেখে তাকে বিশ্বকাপ দলে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
বর্তমানে কাফের চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার। আগামী সপ্তাহে তার আবারও অনুশীলনে ফেরার কথা রয়েছে। ব্রাজিল ম্যানেজমেন্টের আশা, বিশ্বকাপ অভিযান শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।
সবশেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় দলের সঙ্গে ক্লিভল্যান্ড যাননি নেইমার। নিউজ জার্সিতেই থেকে ফিজিক্যাল থেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
মাঠে ফেরার আগে নতুন লুকেই যেন বিশ্বকাপের বার্তা দিলেন নেইমার। এখন সেলেসাও সমর্থকদের অপেক্ষা, চুলের নতুন স্টাইলের মতো মাঠেও পুরোনো নেইমারকে আবার দেখা যায় কি না।