অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করার, ব্যভিচার এবং মানহানির মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে আদালত খালাস দিয়েছেন।
আজ বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত রায়ে উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
এর আগে, ৬ মে উভয় পক্ষের যুক্তি উপস্থাপনার পর আদালত রায়ের জন্য এদিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান নাসির-তামিমার সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন। তবে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাসের অনুরোধ করেন।
আদালতের এই রায়ে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হলো এবং নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মি আইনের চোখে মুক্তি পেলেন।