বিশ্বকাপের মহোৎসবে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে প্রস্তুতি শেষ করেছে লিওনেল স্কালোনির দল। কিন্তু জয়ের আনন্দের মাঝেই বড় অস্বস্তির খবর সামনে এসেছে আর্জেন্টিনা শিবিরে।
গণমাধ্যমের তথ্যমতে, আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নিরাপত্তাজনিত ত্রুটির কারণে পুরো আর্জেন্টাইন স্কোয়াডে থাকা ফুটবলারদের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে। সেই তালিকায় স্বাভাবিকভাবেই ছিলেন লিওনেল মেসিও। আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচে প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় ফুটবলারদের পাসপোর্ট নম্বরও ছিল।
সাধারণত খেলোয়াড় তালিকায় থাকা পাসপোর্ট নম্বরগুলো গণমাধ্যম ও জনসাধারণের সামনে প্রকাশের আগে ঝাপসা করে দেওয়ার কথা। কিন্তু এবার সেটি না করেই তালিকা বিতরণ করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করার কথা জানিয়েছে রয়টার্স। তবে আয়োজক কিংবা ভুক্তভোগী কারও মন্তব্য এখনও জানা যায়নি।
মাঠের পারফরম্যান্সে অবশ্য আর্জেন্টিনা ছিল স্বস্তির জায়গায়। হন্ডুরাসের পর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আগমুহূর্তে প্রস্তুতি সেরে নিয়েছে মেসিরা। আলাবামায় ৮৮ হাজারের বেশি দর্শকের সামনে ৩-০ গোলের জয় উদযাপন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসিও এই ম্যাচে গোল পেয়েছেন। ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে থিয়েগো আলমাদার ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয়।
আজ বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। তবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে আগামী বুধবার সকালে। প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া।
শেষ প্রস্তুতি ম্যাচে জয়, মেসির গোল আর দলের আত্মবিশ্বাস—সব মিলিয়ে আর্জেন্টিনা মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে স্কোয়াডের পাসপোর্ট তথ্য ফাঁসের ঘটনা নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।