চলতি বিশ্বকাপের চতুর্থ দিনে একাধিক হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। বিশেষ নজর থাকবে ‘এফ’ গ্রুপের নেদারল্যান্ডস বনাম জাপান ম্যাচে, যেখানে তিনবারের রানার্সআপ ডাচরা মুখোমুখি হবে শক্তিশালী এশিয়ান প্রতিপক্ষের। একই দিনে আরও কিছু ম্যাচও ভিন্ন ভিন্ন কারণে আকর্ষণীয় হয়ে উঠেছে।
রোববারের দিবাগত রাতের এই ম্যাচে নেদারল্যান্ডস নামছে নিজেদের শক্তিশালী স্কোয়াড নিয়ে; যেখানে ভার্জিল ভ্যান ডাইক, মেম্ফিস ডিপাই, তিজানি রেইন্ডার্স ও কডি গাকপোর মতো তারকারা আছেন। অতীতের মতো এবারও বড় লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছে দলটি। তবে কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চান। তিনি বলেন, ‘আমরা ম্যাচ ধরে ধরে আগাব। প্রথম মনোযোগ থাকবে জাপানের বিপক্ষে, যেটা কঠিন খেলা হবে।’
অন্যদিকে জাপান জানে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখানো দলটি এবারও বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। কোচ হাজিমে মরিয়াসু বলেন, ‘নেদারল্যান্ডসের দলে শীর্ষ প্রতিভারা রয়েছে। এটা খুব কঠিন গ্রুপ।’
একই দিনে আরও একটি বড় গল্প লিখতে পারে কুরাসাও। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি বিশ্বকাপে নিজেদের অভিষেকেই মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির। ইতিহাস গড়ার সুযোগ থাকলেও চ্যালেঞ্জও বিশাল। দলটির কোচ ডিক অ্যাডভোকাট বলেন, ‘আমরা জার্মানির তুলনায় ছোট দল, কিন্তু আমরা তাদের জীবন কঠিন করে তুলব।’
ডার্ক হর্স হিসেবে পরিচিত ইকুয়েডরও মাঠে নামবে আইভরি কোস্টের বিপক্ষে, আর গত আসরে দর্শক হিসেবে থাকা সুইডেন এবার মুখোমুখি হবে তিউনিসিয়ার।
আজকের ম্যাচ সূচি
১৪ জুন- জার্মানি বনাম কুরাসাও, রাত ১১টা
১৫ জুন- নেদারল্যান্ডস বনাম জাপান, রাত ২টা
১৫ জুন- আইভরি কোস্ট বনাম ইকুয়েডর, ভোর ৫টা
১৫ জুন- সুইডেন বনাম তিউনিসিয়া, সকাল ৮টা