কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে স্পেন। সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনা লামিন ইয়ামালকে ঘিরে। চোট থেকে পুরোপুরি সেরে উঠলেও প্রথম ম্যাচে তাকে বেঞ্চে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট পান এই তরুণ ফরোয়ার্ড। এরপর বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে সময়মতো ফিট হয়ে ফিরেছেন তিনি।
সংবাদ সম্মেলনে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘ভালো খবর হলো লামিন একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, এই মুহূর্তে সে সেই অবস্থাতেই এসে পৌঁছেছে। সে ভালো আছে, ঠিক যেমনটা নিকো (উইলিয়ামস) এবং ভিক্টর (মুনোজ) আছে। তারা সবাই খেলার জন্য প্রস্তুত, যদিও তাদের মধ্যে কেউ কেউ পুরো ম্যাচ খেলবে না।’
তিনি আরও বলেন, ‘ডাক্তাররা বলেছেন, লামিন আগামীকাল (সোমবার) কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। ৯০ মিনিট না হোক, কিছু সময় খেলতে পারবে, হ্যাঁ...। একই প্রক্রিয়া (নিকো উইলিয়ামসের সঙ্গেও)। তারা অনেক দিন ধরে একসঙ্গে কাজ করছে, অনেক ঘণ্টা এবং তাদের যে সম্পর্ক, তারা বেশ খুশি। তারা খেলতে পারে, যদি ম্যাচে প্রয়োজন পড়ে।’