বিশ্বকাপের চলতি আসরে নতুন এক মাইলফলকের সামনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দেশের হয়ে ২০০টি ম্যাচ খেলার নজির গড়ার পথে এই মহারথী।
গত বিশ্বকাপে মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসেছে আলবিসেলেস্তেরা। আগামীকাল বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা।
ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা শান্ত থাকার চেষ্টা করছি। বেশ ভালো একটা দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। আমরা ঠিক জায়গায় আছি। সবাই মিলে দেশের জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি আছি। ফলাফল নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে চাই। নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে চাই।’
মেসির প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মেসি খেলার জন্য প্রস্তুত আছে। ও আমাদের দলে অপরিহার্য। বেশ ভালো ছন্দে রয়েছে। ওর সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বাকি সকলে তৈরি প্রথম ম্যাচের জন্য। ছোটখাট চোট সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠেছি।’
মাইলফলক প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘শুধু আর্জেন্টিনার মানুষেরাই নন, গোটা পৃথিবীর মানুষ মেসির খেলা দেখার জন্য অপেক্ষা করছে। সকলে ওকে মাঠে দেখতে চান। কারণ মেসির প্রভাব শুধু আর্জেন্টিনায় নয়, পুরো পৃথিবীতেই রয়েছে। মেসি সম্পর্কে খারাপ কিছু বলার মতো নেই। ও সব সময় দলের সঙ্গে থাকে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
চোট থেকে ফেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস প্রসঙ্গে কোচ বলেন, ‘সে একদম ঠিক আছে। আমার মনে হয় ও খেলবে। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। আমরা বৈচিত্র্যে বিশ্বাস করি। ম্যাচে যে কোনও পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা সে সব সামলানোর জন্য তৈরি। গত কয়েক বছর ধরে আমরা যে ফুটবলটা খেলছি, সেটাই চালিয়ে যেতে হবে।’