বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এমন দিন খুব বেশি আসে না। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফুটবল বিশ্বের তিন মহাতারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড নিজেদের ছাপ রেখে রাঙিয়ে দিলেন বিশ্বমঞ্চ। তিনজনই গোল করেছেন, তিনজনই দলকে জিতিয়েছেন, আর ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছেন এক স্মরণীয় রাত।
সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে বিশ্বকাপ মিশন শুরু করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
৩৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসান তিনি।
অন্যদিকে দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের জয়ের নায়ক আর্লিং হলান্ড। ইরাকের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই জোড়া গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় নরওয়ে। আন্তর্জাতিক ফুটবলে নিজের ৫৭তম গোলও পূর্ণ করেন হলান্ড, যা প্রতিপক্ষদের জন্য স্পষ্ট বার্তা; এবারের বিশ্বকাপে নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
দিনের আরেক আকর্ষণ ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের পরিচিত গতিময় ফুটবল দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়ান তিনি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিশ্বকাপে নিজের গোলের সংখ্যাও আরও বাড়িয়ে নেন গত আসরের সর্বোচ্চ গোলদাতা।
একদিন, তিন মহাতারকা, অসংখ্য গোল আর রেকর্ডের ছড়াছড়ি। বিশ্বকাপের শুরুতেই মেসি, এমবাপ্পে ও হালান্ড বুঝিয়ে দিলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তারকারা নিজেদের আলো ছড়াতে প্রস্তুত।