বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে অপ্রত্যাশিত পয়েন্ট হারানোর পর ব্রাজিল শিবিরে কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে। দীর্ঘ অপেক্ষার পর ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। নিউইয়র্কের বাইরে ব্রাজিল দলের বেস ক্যাম্পে অনুশীলনের সময় বল পায়ে দেখা গেছে তাকে।
তবে এই খবর সেলেসাও সমর্থকদের পুরোপুরি নিশ্চিন্ত করতে পারছে না। কারণ মাঠে ফিরলেও এখনও পূর্ণ ফিটনেস থেকে অনেকটাই দূরে রয়েছেন নেইমার। ফলে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই চোট নিয়েই তিনি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে যোগ দেন। ইনজুরির অবস্থা পর্যবেক্ষণে গত সোমবার তার একাধিক মেডিকেল পরীক্ষা ও স্ক্যান করা হয়। এরপর মঙ্গলবার মাঠে ফিরলেও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি তিনি।
বরং ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে হালকা দৌড় এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর অনুশীলনেই সীমাবদ্ধ রাখা হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। মেডিকেল টিম ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র করার পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন।
সবকিছু ঠিক থাকলে হাইতির বিপক্ষে ম্যাচে বেঞ্চে থেকেই সতীর্থদের উৎসাহ দেবেন নেইমার। ব্রাজিলের লক্ষ্য এখন তাকে পুরোপুরি সুস্থ করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বগুলোর জন্য প্রস্তুত করা।