ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য খবর! অবসর ভেঙে আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিয়ো। ৪৬ বছর বয়সে তিনি ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-র ক্লাব রাভেনা এফসির জার্সিতে মাঠে নামবেন। ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেললো স্পোর্ত’ এবং সংবাদ সংস্থা আনসা এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। একই অনুষ্ঠানে ক্লাবটির নতুন জার্সিও উন্মোচন করা হবে।
২০১৮ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বার্সেলোনা ও এসি মিলানের এই সাবেক জাদুকর। দীর্ঘ আট বছর পর আবারও ফুটবলের মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
নিজের প্রত্যাবর্তন নিয়ে রোনালদিনিয়ো বলেন, ‘নতুন রঙ, কিন্তু আমার হাসিটা একই আছে। আমি আবারও বল পায়ে নাচতে এবং ইগনাৎসিও ও পুরো চিপ্রিয়ানি পরিবারের সাথে নতুন একটি অধ্যায় লিখতে উন্মুখ হয়ে আছি। ফুটবল সবসময়ই আমার আনন্দের উৎস।’
রাভেনা এফসি-র সভাপতি ইগনাৎসিও চিপ্রিয়ানি বলেন, ‘রোনালদিনিয়োর আগমন আমাদের ক্লাবের জন্য এক অসাধারণ ঘটনা। ও আমার আদর্শ ছিল।’
তবে ৪৬ বছর বয়সে তিনি কতটা মাঠে প্রভাব রাখতে পারবেন, তা নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সহ-সভাপতি আরিয়েদো ব্রাইদা বলেন, ‘ও কি খেলবে? দেখা যাক, তবে আমি সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছি না। ওর মতো একজন বিশ্বমানের চ্যাম্পিয়নের কোনো বয়স হয় না।’
যদিও রোনালদিনহোর ইঙ্গিত স্পষ্ট, তিনি কেবল প্রচারণার অংশ নন, বরং মাঠে নেমেই আবারও ফুটবল উপভোগ করতে চান।