ঘানার তান্ত্রিক নান্না কওয়াসু বোনসাম বলেছিলেন, বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে পুচকে কেপ ভার্দে। কিন্তু মাঠের লড়াইয়ে তার সেই ভবিষ্যদ্বাণী মিলে নাই। উল্টো একই দিনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তার নিজের দেশ ঘানাকেই।
আজ শনিবার (৪ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঘানা। অন্যদিকে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ঘানার বিদায়ের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় কলম্বিয়া। ১৪ মিনিটে জন আরিয়াসের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আমেরিকার দলটির। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি ঘানা। বরং লুইস দিয়াজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এই হারের ফলে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ঘানার। অন্যদিকে কলম্বিয়া শেষ ষোলোতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
এর আগে নান্না কওয়াসু বোনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে বাস্তবে কেপ ভার্দে লড়াই করেও ৩-২ গোলে হেরে বিদায় নেয়।
এটি অবশ্য প্রথম নয়। গ্রুপ পর্বেও তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়েছেন। যদিও সেই দাবির পক্ষে কখনোই কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এবারও তার ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠেছে, আর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঘানাই।