স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। আর এই হারের পরই বড় ঘোষণা দিলেন দলের কোচ রবার্তো মার্টিনেজ। জানিয়ে দিলেন, পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে এটাই ছিল তার শেষ ম্যাচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ জানান, সোমবারই শেষ হয়েছে তার চুক্তির মেয়াদ। তাই এখন নতুন কোচ খুঁজে নেওয়ার দায়িত্ব পর্তুগাল ফুটবল ফেডারেশনের।
মার্টিনেজ বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জিততে। বিশ্বকাপ না জিতলে চালিয়ে যাওয়ার মানে নেই বলেই আমি মনে করি। বোর্ড ও সভাপতির এখন সুযোগ আছে নতুন কোচ বেছে নেওয়ার... আমার চুক্তি আজই শেষ হয়েছে। এর বেশি বলার কিছু নেই।’
টুর্নামেন্ট শুরুর আগে কোচের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান মার্টিনেজ। তবে স্পেনের বিপক্ষে ম্যাচটিই যে তার শেষ দায়িত্ব পালন, সেটি নিশ্চিত করেন তিনি।
তার ভাষায়, ‘হ্যাঁ, এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ। আমি অনেক গর্বিত... আমাকে এখানে একজন পর্তুগিজের মতোই আপন করে নেওয়া হয়েছে, অনেক উষ্ণতার সঙ্গে। এটা আমার জন্য আনন্দের, গর্বের এবং দায়িত্বেরও বিষয় ছিল।’
পর্তুগালের বিদায়ের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি মার্টিনেজ, তবে নিজের অধিনায়কের প্রশংসা করতে ভোলেননি তিনি। মার্টিনেজ বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সে একজন অনুকরণীয় অধিনায়ক ছিল। শুধু গোলের হিসাবেই নয়, পরিসংখ্যানই তা বলে দেয়, অ্যাসিস্টের ক্ষেত্রেও।’
স্পেনের কাছে হারের মধ্য দিয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের বেঞ্চেও শেষ হলো রবার্তো মার্টিনেজের অধ্যায়।