বিশ্বকাপে মরক্কোর স্বপ্নভঙ্গের সঙ্গে সঙ্গে নিজের আবেগও আর ধরে রাখতে পারেননি বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের পর গ্যালারিতেই চোখের জলে ভেঙে পড়েন তিনি। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর পর থেকেই মরক্কোর প্রতি নিজের সমর্থনের কথা নিয়মিত জানিয়ে আসছিলেন নোরা। প্রিয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থেকে পুরো সময় জুড়ে লাল জার্সি গায়ে দলকে উৎসাহ দেন এই অভিনেত্রী।
তবে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর আর নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন নোরা। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছিলেন।
স্টেডিয়ামে পৌঁছানোর পথটাও সহজ ছিল না তার জন্য। বস্টনের পথে তীব্র যানজটে আটকে যাওয়ার পর শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান। তবুও খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন।
শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো শেষ পর্যন্ত ফ্রান্সের বাধা পেরোতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ স্বপ্ন।
পরাজয়ের পরও মরক্কো দলকে নিয়ে গর্ব প্রকাশ করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।