বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। তবে মাঠ ছাড়ার আগে ভক্তদের জন্য রেখে গেলেন আরেকটি স্মরণীয় মুহূর্ত। নিজের ব্যবহৃত বিশ্বকাপের বুট জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আই শো স্পিডকে উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই বিশেষ উপহারের ভিডিও প্রকাশ করেন আই শো স্পিড। প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে থলে থেকে সোনালি রঙের ‘সিআরসেভেন’ লেখা একটি বুট বের করে দেখান তিনি।
আবেগঘন কণ্ঠে আইশোস্পিড বলেন, ‘রোনালদো আমাকে তার নিজের বুট জোড়া দিয়েছেন। পুরো পৃথিবীতে এই রকম মাত্র দুটি বুট তৈরি করা হয়েছে। আর রোনালদো সেগুলোর একটা আমাকে দিয়েছেন। এগুলো তিনি বিশ্বকাপে পরেছিলেন।’
লস অ্যাঞ্জেলেসে স্পেন-বেলজিয়ামের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ চলাকালেই এই ভিডিও ধারণ করেন তিনি। ভিডিওতে দেখানো হয়, রোনালদো বিশ্বকাপে এই বুট পরেই মাঠে নেমেছিলেন।
শুধু বুট দেখিয়েই থেমে থাকেননি আইশোস্পিড। রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদযাপনও করেন তিনি। এরপর নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আপনাকে আমি ভালোবাসি রোনালদো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই বুট জোড়া যত্ন করে রাখব। সিউউউউউউ।’
৬ জুলাই রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ডালাসে শেষ ষোলোর সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।
শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশায় মাঠেই চোখের জল ফেলতে দেখা যায় রোনালদোকে। বিশ্বকাপ ক্যারিয়ারে ২৭ ম্যাচে ১১ গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া ছয়টি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হিসেবেও ইতিহাস গড়েছেন পর্তুগিজ এই মহাতারকা।
এদিকে লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। দলের হয়ে গোল করেন ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো। বেলজিয়ামের একমাত্র গোলটি করেন শার্ল ডে কেতেলারে।
১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে।