বিশ্বকাপে বড় কোনো অঘটনের অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে এবার সেই চমক দেখা গেল না। ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবে টুর্নামেন্টের সেরা চার দলই জায়গা করে নিয়েছে শেষ চারে। অর্থাৎ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড; এই চার দলই উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটল, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই একই আসরে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
শুধু র্যাঙ্কিং নয়, সেমিফাইনালে ওঠা চার দলই বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন। এর আগে ১৯৯০ ও ১৯৭০ সালের বিশ্বকাপে চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল সেমিফাইনালে উঠেছিল। এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ চারে দেখা যাচ্ছে চার সাবেক চ্যাম্পিয়নকে।
তবে ইতিহাসের হিসাব-নিকাশ পেছনে রেখে এখন ফুটবলপ্রেমীদের চোখ সেমিফাইনালের মহারণে। যেখানে শিরোপার লড়াইয়ে টিকে থাকা চার শক্তিশালী দল মুখোমুখি হবে নিজেদের সেরা প্রমাণের লড়াইয়ে।
আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার পথ সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেসের গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে শক্তিশালী ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডও নিজেদের কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে শেষ চার নিশ্চিত করেছে। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে এবার দেখা যাবে চার সাবেক বিশ্বজয়ীর লড়াই।
বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি
ফ্রান্স–স্পেন
১৪ জুলাই, মঙ্গলবার, রাত ১টা
ডালাস
আর্জেন্টিনা–ইংল্যান্ড
১৫ জুলাই, বুধবার, রাত ১টা
আটলান্টা