একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ছিল ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ২০০৬ সালে । কিন্তু এরপর থেকেই যেন হারিয়ে গেছে আজ্জুরিদের সেই দাপট। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর গত এক যুগ ধরে বিশ্বকাপের মূল মঞ্চেই জায়গা হয়নি ইতালির।
হারানো গৌরব ফিরিয়ে আনার দায়িত্ব এবার দেওয়া হয়েছে দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির হাতে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই ডিফেন্ডার। টানা তিনবার বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়া ইতালিকে আবারও সঠিক পথে ফেরানোই হবে মালদিনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় দলের কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঠিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।
টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে মালদিনির। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে চার বছর একই দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এই ক্লাবেই পুরো ফুটবল ক্যারিয়ার কাটিয়েছেন মালদিনি। জিতেছেন সাতটি সিরি আ শিরোপা।
গত মাসে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন জিওভান্নি মালাগো। দায়িত্ব গ্রহণের পরই জাতীয় দলের হারানো মর্যাদা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা মালদিনিকে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মালদিনিকে সহযোগিতা করতে ব্রাজিলিয়ান লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এফআইজিসি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছেন মালদিনি।
নতুন দায়িত্বে মালদিনির প্রথম বড় কাজ হবে জাতীয় দলের জন্য নতুন প্রধান কোচ নির্বাচন করা। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর জেনারো গাত্তুসো দায়িত্ব ছেড়ে দেওয়ায় এখনো খালি রয়েছে ইতালির প্রধান কোচের পদ।