চলতি বিশ্বকাপে যতটা আলোচনা হয়েছে ফুটবল নিয়ে, তার চেয়ে কম হয়নি রেফারি ও ভারের সিদ্ধান্ত নিয়ে। বিশেষ করে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ঘিরে বারবার উঠেছে একই অভিযোগ, ফিফা কি আলবিসেলেস্তেদের বাড়তি সুবিধা দিচ্ছে?
এই বিতর্কের মাঝেই প্রকাশ্যে এসেছে ভারের হস্তক্ষেপ নিয়ে একটি পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা সুবিধা পাওয়া দলের তালিকায় থাকলেও শীর্ষে নয়। বরং সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।
‘নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ’ চলতি বিশ্বকাপে ভারের প্রতিটি হস্তক্ষেপ বিশ্লেষণ করেছে। প্রতি ১০০টি ফাউলে কোন দেশের পক্ষে ও বিপক্ষে কত শতাংশ সিদ্ধান্ত গেছে, সেই হিসাব তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সেই পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোর পক্ষে গেছে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত। তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে গেছে ৬.৭ শতাংশ সিদ্ধান্ত, বিপক্ষে যায়নি একটিও।
তবে এই পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার কোনো ম্যাচেই ভার হস্তক্ষেপ করেনি। রাউন্ড অব ৩২, শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল থেকেই মেসিদের ম্যাচে ভারের সিদ্ধান্ত এসেছে অনেকটা বিতর্কিতভাবেই।
তাই শুধু ভারের সহায়তায় আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছেছে, এমন দাবির পক্ষে সরাসরি কোনো প্রমাণ এই পরিসংখ্যানে পাওয়া যায়নি। যদিও এটা সত্য যে, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিতর্কিতভাবে আর্জেন্টিনার পক্ষেই গেছে; যেখানে রয়েছে গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে মেসির রেড কার্ড ইস্যুও। এছাড়াও রাউন্ড অব সিক্সটিনে মিশরের দ্বিতীয় গোল বাতিলের বিষয়টাও চোখে পড়ার মত ছিলো। ওই ম্যাচে শেষ সময়ে মিশরের পেনাল্টি আবেদন নিয়েও প্রশ্ন থেকেই যায়। বাদ যায়নি সুইজারল্যান্ডের বিপক্ষেও; ওই ম্যাচে লাল কার্ড দেখেন এম্বোলো। আকাঞ্জি, জাকারা জানিয়েছেন, এমন একপেশে ম্যাচ তারা তাদের ক্যারিয়ারে দেখেননি।
অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মদ্রিচের ক্রোয়েশিয়া। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে তাদের একটি গোল বাতিল করে ভার। সেই ম্যাচে বিদায় নেয় লুকা মদ্রিচের দল। পরিসংখ্যান অনুযায়ী, ক্রোয়েশিয়ার বিপক্ষে গেছে ৬.৫ শতাংশ সিদ্ধান্ত, অথচ তাদের পক্ষে যায়নি একটিও। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইরান; অবশ্য সেটা অনুমেয়ই বলা যায়। তাদের বিপক্ষে গেছে ৫.৪ শতাংশ সিদ্ধান্ত, পক্ষেও নেই কোনো সিদ্ধান্ত।
ভারের হস্তক্ষেপের পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ পাঁচ সুবিধাভোগী দল হলো—
মেক্সিকো — ৭.৮ শতাংশ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
আর্জেন্টিনা — ৬.৭ শতাংশ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
পর্তুগাল — ৪.৬ শতাংশ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
নিউজিল্যান্ড — ৪.২ শতাংশ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
জর্ডান — ৪.৩ শতাংশ (পক্ষে), ৫.৯ শতাংশ (বিপক্ষে)
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়া পাঁচ দল—
ক্রোয়েশিয়া — ০.০ (পক্ষে), ৬.৫ শতাংশ (বিপক্ষে)
ইরান — ০.০ (পক্ষে), ৫.৪ শতাংশ (বিপক্ষে)
কাতার — ০.০ (পক্ষে), ৫.১ শতাংশ (বিপক্ষে)
জার্মানি — ০.০ (পক্ষে), ৪.০ শতাংশ (বিপক্ষে)
ইংল্যান্ড — ০.০ (পক্ষে), ৩.৫ শতাংশ (বিপক্ষে)
এ ছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া আরও ১৩টি দেশের ম্যাচে ভার কোনো হস্তক্ষেপই করেনি। তাই তাদের এই পরিসংখ্যানের তালিকায় রাখা হয়নি।