চারটি বিশ্বকাপ খেলেও অধরা থেকে গেছে স্বপ্নের ট্রফি। ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আবারও আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এবার অবশ্য মাঠের পারফরম্যান্স নয়, একটি আবেগঘন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্মিত ভিডিওতে তার প্রতিক্রিয়াই নতুন করে জন্ম দিয়েছে ২০৩০ বিশ্বকাপে খেলার জল্পনা।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার, আর নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যায় নেইমারের।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি আবেগঘন এআই ভিডিও। ‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে বিভিন্ন বয়সের নেইমারকে নিজের সঙ্গেই কথোপকথন করতে দেখা যায়। ভিডিওটির মূল বার্তা ছিল ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নেমে বিশ্বকাপ জয়ের আরেকটি চেষ্টা করা।
ভিডিওতে ছোট্ট নেইমার ভবিষ্যতের নেইমারকে প্রশ্ন করে, আমরা প্রথম বিশ্বকাপ কত বছর বয়সে জিতেছিলাম? জবাবে আবেগঘন কণ্ঠে প্রাপ্তবয়স্ক নেইমার বলেন, আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু একা সেটা সম্ভব হয়নি। তাই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?
ভিডিওর শেষ দৃশ্যে আরও বয়স্ক এক নেইমারের হাতে দেখা যায় ‘২০৩০’ খোদাই করা একটি বিশ্বকাপ ট্রফি। তখন শিশু নেইমারের উত্তর ছিল, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’
ভিডিওটি প্রকাশের পর তাতে প্রতিক্রিয়া জানান স্বয়ং নেইমার। ইনস্টাগ্রামে ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন তিনি। যদিও তিনি সরাসরি ২০৩০ বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, তবে তার এই প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে নতুন করে আশা ও আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ, প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার পায়।
নেইমারের এই আবেগঘন প্রতিক্রিয়া এখন ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন তুলে দিয়েছে—তবে কি ২০৩০ বিশ্বকাপেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকার শেষ নাচ? যদিও এ বিষয়ে নেইমারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।