২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুরু হতে আর কিছু সময় বাকী, কিন্তু ম্যাচের আগেই নতুন আলোচনার জন্ম দিয়েছে টিকিটের দাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল দেখতে একটি টিকিট কিনতেই গুনতে হচ্ছে প্রায় ২৭ কোটি টাকা। এমন অবিশ্বাস্য মূল্য দেখে বিস্মিত ফুটবলপ্রেমীরাও।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ ১৯ জুলাই দিবাগত রাত ১ টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালকে ঘিরে টিকিটের চাহিদা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফিফার নিজস্ব টিকিট পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম এখন ২.৩ মিলিয়ন বা ২৩ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ কোটি টাকারও বেশি।
টিকিটের কালোবাজারি ঠেকাতে এবং বিক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ফিফা পরিচালনা করে নিজস্ব পুনঃবিক্রয় প্ল্যাটফর্ম। এখানে দর্শকরা বৈধভাবে নিজেদের কেনা টিকিট পুনরায় বিক্রি করতে পারেন। তবে ফাইনাল ম্যাচকে ঘিরে চাহিদার তুলনায় টিকিটের সরবরাহ কম থাকায় দাম পৌঁছে গেছে আকাশছোঁয়া পর্যায়ে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের ইতিহাসে টিকিটের দামের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এর আগে কোনো বৈশ্বিক ক্রীড়া আসরের একটি সাধারণ টিকিটের দাম এত বিপুল অঙ্কে পৌঁছাতে দেখা যায়নি। যদিও এই আকাশচুম্বী মূল্য মূলত ভিআইপি বা প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তবুও সাধারণ গ্যালারির টিকিটের দামও বেড়েই যাচ্ছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে। দল সংখ্যা বৃদ্ধি এবং উত্তর আমেরিকার বিশাল বাজারকে কেন্দ্র করে এবারের আসর থেকে রেকর্ড আয়ের প্রত্যাশা করছে ফিফা। টিকিটের এই অবিশ্বাস্য মূল্য সেই বাণিজ্যিক সফলতারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এই পরিস্থিতি হতাশ করেছে সাধারণ ফুটবলপ্রেমীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ফিফার পুনঃবিক্রয় ব্যবস্থা নিয়ে সমালোচনা করছেন। তাদের দাবি, টিকিটের এমন উচ্চমূল্য ফুটবলকে ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে।