ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ। এরপরই জাতীয় দল থেকে অবসর নেবেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলা এই মহাতারকা।
ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাতে গোলডটকম জানিয়েছে, পর্তুগালের একজন এজেন্ট নিশ্চিত করেছেন, আর মাত্র একটি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। আওয়াদ বলেন, ‘তিনি উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে খেলবেন। ম্যাচটি হবে স্পোর্টিং লিসবনের হোম মাঠ হোসে আলভালাদে স্টেডিয়ামে।’ অর্থাৎ, ২৪ সেপ্টেম্বরই সমর্থকরা শেষবারের মতো পর্তুগালের জার্সিতে দেখতে পাবেন রোনালদোকে।
রোনালদোর বিদায়ের খবরের সঙ্গে মিলেছে পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুসের পরিকল্পনাও। চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া এই কোচ জানিয়েছেন, শুরুতেই দলে বড় ধরনের পরিবর্তন আনবেন না। ক্যানাল ১১-কে তিনি বলেন, ‘অনেকে হয়তো ভাবছেন নতুন কোচ এসেই অনেক খেলোয়াড় বদলে দেবেন। তা হবে না। আমি বোকা নই। এ ছাড়া, যারা এবার ডাক পাননি, এমন অনেক খেলোয়াড়কে দলে আনার মতো সময়ও আমার হাতে নেই।’
পর্তুগালের হয়ে রোনালদো খেলেছেন ২৩৩টি ম্যাচ এবং করেছেন ১৪৬টি গোল। জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের নেশনস লিগ শিরোপা। ৪১ বছর বয়সেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন তিনি, আর আল নাসরের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও রোনালদোর সামনে এখনো একটি বড় লক্ষ্য রয়েছে। ক্যারিয়ারে তার গোলসংখ্যা বর্তমানে ৯৭৬। অবসরের আগে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করাই এখন তার সবচেয়ে বড় স্বপ্ন।