২০২৬ ফিফা বিশ্বকাপে বয়স যে কেবল একটি সংখ্যা, সেটাই আবারও প্রমাণ করেছিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টেনে তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। তবে শিরোপা হাতছাড়া হওয়ার পরই শুরু হয় নতুন আলোচনা, আকাশি-সাদা জার্সিতে আর কতদিন দেখা যাবে এই মহারথীকে?
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে খুব শিগগিরই। কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছেন মেসি। আর তার বিদায়ী ম্যাচটি হবে নিজ দেশ আর্জেন্টিনার মাটিতেই।
প্রতিবেদন বলছে, নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়া এবং কোচ লিওনেল স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির সুযোগ করে দিতেই আরও কয়েক মাস জাতীয় দলের সঙ্গে থাকতে চান মেসি। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি ইতোমধ্যেই স্কালোনিকে অনুরোধ করেছেন, ২০৩০ বিশ্বকাপের দলে যেন তাকে বিবেচনা না করা হয়।
এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবদন্তি এই অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, সেই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি।
মেসির নেতৃত্বেই ২০২২ সালে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটায় আর্জেন্টিনা। এছাড়া তার হাত ধরেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।
ডিয়াগো ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করা মেসির বিদায়ও তাই হতে যাচ্ছে বিশেষ। কোটি ভক্তের প্রত্যাশা, দেশের মাটিতে রাজকীয় আয়োজনের মধ্য দিয়েই শেষ হবে আর্জেন্টাইন মহাতারকার আন্তর্জাতিক ফুটবলের বর্ণিল অধ্যায়।