রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের জীবনে আসছে নতুন অধ্যায়। মাত্র ১৯ বছর বয়সেই বাবা হতে চলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দাকে নিয়ে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।
সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে জাঁকজমকপূর্ণ বেবি শাওয়ারের আয়োজন করেন এই দম্পতি। আকাশি ও সাদা ফুলের সাজে অনুষ্ঠিত সেই আয়োজনে প্রথমবারের মতো অনাগত সন্তানের নামও প্রকাশ করেন তারা। তাদের ঘরে আসতে যাওয়া পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।
নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কারণ ‘কেনদ্রিক’ নামটি বিশ্বখ্যাত মার্কিন র্যাপার কেনদ্রিক লামারের নামের সঙ্গে মিল থাকায় অনেকেই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে এই নামের পেছনে কোনো বিশেষ অনুপ্রেরণা আছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি এনদ্রিক বা গ্যাব্রিয়েলি।
এর আগে চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্টের মাধ্যমে প্রথম সন্তান আসার সুখবর দিয়েছিলেন গ্যাব্রিয়েলি। নিজেদের পোষ্য দুই কুকুরের সঙ্গে হবু সন্তানকে মিলিয়ে এখন আমরা পাঁচজন’—এমন বার্তাও দিয়েছিলেন তিনি। পরে নিশ্চিত করা হয়, তাদের ঘরে আসছে একটি পুত্রসন্তান।
ফুটবল মাঠের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনের এই সুখবর এখন এনদ্রিকের ভক্তদের জন্য আনন্দের নতুন উপলক্ষ হয়ে উঠেছে।