২০২৬ বিশ্বকাপে শিরোপা হাতছাড়া করলেও বিদায়বেলায় সতীর্থদের জন্য বিশেষ এক স্মারক রেখে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সম্প্রতি সেই উপহারের কথা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।
একটি ভিডিওতে তিনি মেসির দেওয়া বিশেষ উপহার সবার সামনে তুলে ধরেন। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে একটি বাদামি রঙের ব্যাগ দেখাচ্ছেন তিনি। ব্যাগে ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, বিশ্বকাপের ছবি এবং ‘মার্কোস সেনেসি’ নাম।
ভিডিওর শুরুতে কেলসি-রোজ বলেন, ‘আমাকে তোমাদের সত্যিই দারুণ একটা জিনিস দেখাতে হবে, তোমরা এটা দেখে খুব খুশি হবে। এই ব্যাগটা মার্কোস চ্যাম্পিয়নশিপ থেকে নিয়ে এসেছে, এতে তার নাম লেখা আছে।’ এরপর তিনি জানান, ‘এটা তার মাতের জন্য, মেসি এই উপহার সব খেলোয়াড়কে দিয়েছেন।’
ব্যাগের ভেতরে ছিল মেসির ব্র্যান্ড লোগোযুক্ত একটি সোনালি স্ট্যানলি থার্মোস, একটি মাতে কাপ, ইয়ের্বার একটি প্যাকেট এবং চামচযুক্ত একটি ধাতব স্ট্র।
কেলসি-রোজ আরও বলেন, ‘মার্কোস এটা আমাকে দিয়েছে যত্নে রাখার জন্য, যাতে আমি এটা মিয়ামিতে নিয়ে যেতে পারি।’ এরপর তিনি উপহারের সঙ্গে থাকা ইয়ের্বাও দেখান।
ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমের একটি আন্তরিক মুহূর্ত সামনে আসে এর মাধ্যমে। জানা যায়, মেসি ব্যক্তিগতভাবে প্রতিটি সতীর্থকে এই উপহার দিয়েছেন। আর্জেন্টাইন ফুটবল সংস্কৃতিতে মাতে শুধু একটি পানীয় নয়, বরং বন্ধুত্ব ও দলীয় বন্ধনের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।