বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের এক ব্যতিক্রমী ঘটনায় আলোচনায় কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। চিলির শীর্ষ লিগে খেলতে গিয়ে নিজের আসল নাম নয়, জার্সিতে শুধু ডাকনাম ব্যবহারের অনুমতি পেয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। আর তার জন্যই বদলাতে হয়েছে লিগের দীর্ঘদিনের নিয়ম।
চিলির লিগ আয়োজক সংস্থা ‘এএনএফপি’ সর্বসম্মতিক্রমে ভোজিনহার আবেদন অনুমোদন করেছে। এতদিন দেশটির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে শুধু পারিবারিক নাম ব্যবহার বাধ্যতামূলক ছিল। তবে ‘জসিমার হোসে এভোরা দিয়াস’ নামের বদলে ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামেই পরিচিত হওয়ায় তার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার কথা থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেননি ভোজিনহা। প্রথমে ভিসা জটিলতায় সফর পিছিয়ে যায়, পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে যাত্রাও স্থগিত করেন তিনি।
কোলো-কোলোর পরিচালক হাইমে পিসারো অবশ্য জানিয়েছেন, চুক্তি বাতিল হয়নি। ভোজিনহার এজেন্ট কিছু ব্যক্তিগত বিষয় মেটাতে সময় চেয়েছেন। একই সঙ্গে ক্লাব সভাপতি আনিবাল মোসাও জানিয়েছেন, আনুষ্ঠানিক চুক্তিতে এখনো স্বাক্ষর বাকি।
চিলির গণমাধ্যমের দাবি, জার্সিতে নিজের পছন্দের ডাকনাম ব্যবহারের অনুমতি পাওয়াই ছিল ভোজিনহার অন্যতম শর্ত। সেই শর্ত পূরণ হওয়ার পর এখন তার চিলি অধ্যায় শুরুর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।