আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠ, পরিচিত পরিবেশ আর সমর্থকদের ভালোবাসাকে শক্তি করে ২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের ড্রয়ে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। সেখানে লাল-সবুজদের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। কাগজে-কলমে তুলনামূলক সহজ গ্রুপ হলেও কোনো দলকেই হালকাভাবে নিতে চান না জার্মান কোচ টমাস ডুলি।
শ্রীলঙ্কা ও ভুটান র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে নিজেদের বদলে ফেলেছে। বিশেষ করে প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তি বাড়িয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ভুটানের বিপক্ষেও বাংলাদেশের রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা।
সাফের আগে নিজেদের প্রস্তুত করতে বেশ কিছু ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। তবে বড় দলের বিপক্ষে খেলে আত্মবিশ্বাসে আঘাত লাগুক, তা চান না কোচ ডুলি। তাই প্রস্তুতি পরিকল্পনা সাজাচ্ছেন হিসাব করেই।
এবারের সাফে থাকছে না কোনো অতিথি দল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে এবারের লড়াই। আগামী ৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্ট, ফাইনাল হবে ১৭ নভেম্বর।
২০০৩ সালে ঘরের মাঠে একমাত্রবার সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২৩ বছর। এবার আবারও নিজেদের মাঠে সুযোগ এসেছে ইতিহাস বদলের। হামজা-জামালদের সামনে এখন একটাই লক্ষ্য, দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া।