ভারতের তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিং নিজের পছন্দের ভারতের সেরা পাঁচ বোলারের তালিকা প্রকাশ করে চমক তৈরি করেছেন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে বাদ দিয়ে এই তালিকায় শীর্ষে রেখেছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে।
কৃষ্ণাঙ্ক আত্রের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অর্শদীপ জানান, ব্যক্তিগত পছন্দ থেকেই ভুবনেশ্বরকে এক নম্বরে রেখেছেন তিনি। নতুন বলে ভুবির নিয়ন্ত্রিত বোলিং ও সুইংয়ের প্রশংসাও করেন এই তরুণ পেসার।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ শামি। এরপর জায়গা পেয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। পঞ্চম স্থানে রেখেছেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।
অশ্বিনকে পাঁচ নম্বরে রাখার জন্য মজার ছলে ক্ষমাও চেয়েছেন অর্শদীপ। তিনি বলেন, তালিকায় আর জায়গা না থাকায় বাধ্য হয়েই অশ্বিনকে শেষ স্থানে রাখতে হয়েছে। তবে ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদান ও দক্ষতারও ভূয়সী প্রশংসা করেন তিনি।