বিশ্বকাপের পর সান্তোসের জার্সিতে মাঠে ফিরেই একের পর এক আলোচনা-সমালোচনায় নেইমার জুনিয়র। তবে তার পারফরম্যান্সের চেয়ে ম্যাচ শেষে বিতর্কেই বেশি আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান তারকা।
কোপা দে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচে রেমোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। গোল না পেলেও তার দুর্দান্ত অ্যাসিস্টে রনি গোল করে সান্তোসের শেষ আট নিশ্চিত হয়। কিন্তু ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে প্রতিপক্ষের সঙ্গে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা ভিডিওতে দেখা যায়, শেষ বাঁশি বাজার পর রেমোর কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। যদিও ঠিক কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়, তা স্পষ্ট নয়। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ম্যাচজুড়ে রেমোর সমর্থকদের দুয়োর জবাব দিতে গিয়ে নেইমার কিছু মন্তব্য ও অঙ্গভঙ্গি করেন, যা প্রতিপক্ষের কাছে উসকানিমূলক মনে হয়েছে। এরপরই মাঠের করিডোরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
এক পর্যায়ে রেমোর এক কর্মকর্তা নেইমারের দিকে ক্ষোভ প্রকাশ করলে তিনিও পাল্টা প্রতিক্রিয়া জানান। পরে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা পরিস্থিতি শান্ত করেন।
ঘটনার পর নেইমারের সমালোচনা করেছেন রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা। তিনি দাবি করেন, নেইমারের মতো তারকার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়, কারণ অনেক তরুণ ফুটবলার তাকে আদর্শ হিসেবে দেখে।
তবে বিতর্কের মধ্যেও মাঠে ফেরার ম্যাচে নিজের উপস্থিতি জানান দিয়েছেন নেইমার। অবসরের গুঞ্জনের মাঝেও তার পায়ের জাদু এখনো যে অটুট, সেটিই প্রমাণ করেছে এই ম্যাচ।