থেমে গেল রিংয়ের গর্জন। পেশাদার রেসলিংকে বিদায় জানালেন ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল সুপারস্টার ব্রক লেসনার। ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন ৪৯ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ‘দ্য প্যাট ম্যাকাফি শো’তে উপস্থিত হয়ে লেসনার জানান, গত শনিবার সামারস্লামে ওবা ফেমির বিপক্ষে ‘হেল ইন আ সেল’ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমি অবসর নিয়েছি। শনিবারের দিনটি আমার জন্য খুব আবেগের ছিল। রেসলিং রিং কিংবা অন্য কোথাও, আমার জন্য এখানেই শেষ।’
রেসলম্যানিয়ার পর থেকেই তার অবসর নিয়ে জল্পনা চলছিল। ওবা ফেমির কাছে হারের পর রিংয়ে নিজের বুট ও গ্লাভস খুলে রেখে যাওয়ায় অনেকেই সেটিকে বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। শেষ পর্যন্ত নিজের শহর মিনিয়াপোলিসে অনুষ্ঠিত সামারস্লামেই ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখলেন ‘দ্য বিস্ট ইনকারনেট’।
২০০২ সালে ডব্লিউডব্লিউইতে অভিষেকের পর খুব অল্প সময়েই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান লেসনার। একই বছর মাত্র ২৫ বছর বয়সে দ্য রককে হারিয়ে প্রথম বিশ্ব শিরোপা জেতেন। এরপর ক্যারিয়ারে ১০টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, দুটি রয়্যাল রাম্বল, কিং অব দ্য রিং এবং মানি ইন দ্য ব্যাংক জয়ের মতো অসংখ্য সাফল্য অর্জন করেন। ২০১৪ সালে রেসলম্যানিয়ায় দ্য আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের অপরাজিত রেকর্ড ভেঙে দেওয়াই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি।
রেসলিংয়ের পাশাপাশি ইউএফসিতেও সফল ছিলেন লেসনার। মাত্র চতুর্থ লড়াইয়েই র্যান্ডি কুতুরকে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তি গড়েন তিনি। বিদায়বেলায় কৃষক পরিবারের সন্তান থেকে বিশ্বসেরা হয়ে ওঠার যাত্রার কথা স্মরণ করে লেসনার বলেন, ‘আমি শুধু পরিশ্রম করে গেছি। জীবনে যা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’