রেকর্ড বইয়ে নাম লেখানো যেন রুটিন বানিয়ে ফেলেছেন রশিদ খান। আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান।
ওয়ানডেতে এটি রশিদের তৃতীয়বারের মতো ৬ উইকেট শিকার। এই কীর্তিতে মিচেল স্টার্ক ও শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে ইনিংসে ৬ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় এককভাবে দ্বিতীয় হয়েছেন তিনি। তার সামনে এখন শুধু ওয়াকার ইউনুস, যিনি এমন কীর্তি গড়েছেন ৫ বার।
এদিন ওয়ানডেতে সপ্তমবারের মতো ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন রশিদ। ১১৩ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার সঙ্গী হয়েছেন তিনি। তবে ম্যাকগ্রা ২৪৮ ইনিংসে ৭ বার ফাইফার নিয়েছিলেন, সেখানে রশিদের লেগেছে মাত্র ১১৩ ইনিংস।
বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছিল ৪৭ ওভারে। আফগানিস্তানের ২৯৯ রানের জবাবে একটা সময় জয়ের পথেই ছিল আয়ারল্যান্ড। কেড কারমাইকেলের ৬২ রানের পরও রশিদের ঘূর্ণিতে ভেঙে পড়ে আইরিশ ব্যাটিং। শেষ ৭ উইকেট মাত্র ৬৩ রান যোগ করতেই হারিয়ে ২০৭ রানে অলআউট হয় তারা।
ম্যাচে ৭.৪ ওভার বল করে ২৩টি ডট বল দিয়েছেন রশিদ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। নিজের সাফল্যের রহস্য জানিয়ে রশিদ বলেন, ‘সঠিক জায়গায় বল ফেলতে পারলে এখান থেকে দারুণ সাহায্য পাওয়া যায়।’
লেগ স্পিনের কার্যকারিতা নিয়ে তিনি আরও বলেন, ‘পাঁচ থেকে সাড়ে পাঁচ মিটার লেংথ হলো লেগ স্পিনারদের জন্য আদর্শ জায়গা। আমি মনে করি, স্টাম্প বরাবর বল করাটাই ব্যাটারকে চাপে ফেলে এবং এর মাধ্যমে আপনি খেলায় প্রভাব রাখতে পারবেন।’
এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। আগামী সোমবার বেলফাস্টে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।