ব্যাটিংটা মন মতো হয়নি, তবে বল হাতে ছিল দুর্দান্ত দাপট। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে সহজেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন আবু হায়দার রনি। মালয়েশিয়ার ওপেনার নাজমুস সাকিবের স্ট্যাম্প উড়িয়ে দেন এই পেসার। দ্বিতীয় ওভারে আরেক ওপেনারকে বোল্ড করে দ্রুতই চাপ বাড়ান রুবেল হাসান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা।
৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মালয়েশিয়া। এরপর শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহিদ। বাংলাদেশে রুবেল হাসান ও রাকিবুল হাসান নেন দুটি করে উইকেট। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন জিসান আলম। পাওয়ার প্লের শেষ ওভারে ৪১ রানে আউট হন আরিফুল, করেন ১৫ রান। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ রান।
এরপর অষ্টম ওভারের প্রথম বলেই ১৮ বলে ২৮ রান করে ফেরেন জাওয়াদ আবরার। প্রীতম কুমারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির রহমান। তবে নবম ওভারে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন প্রীতম। পরে ১২ বলে ১৪ রান করে আউট হন সাব্বির। ১০ ওভার শেষে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দেন আব্দুল গাফফার সাকলাইন ও অধিনায়ক এস এম মেহরব। দুজনের ৫২ রানের জুটিতে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিংয়ে সেই অর্থে দাপট না থাকলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয়টা শেষ পর্যন্ত হয়ে গেল একেবারেই সহজ।