নারী আফ্রিকা কাপ অব নেশনসে যেন রূপকথার গল্প লিখছে মালাউই। পিছিয়ে পড়েও ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দলটি।
ম্যাচের সপ্তম মিনিটেই জন্মসূত্রে ইংলিশ স্ট্রাইকার শান্তেলে বোয়ে-গ্লোরকাহর গোলে এগিয়ে যায় ঘানা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাত্র পাঁচ মিনিট পর তেম্বা চাভিঙ্গার গোলে সমতায় ফেরে মালাউই।
এরপর জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত ৭৯তম মিনিটে রোজ কাদজেরের গোলেই ইতিহাস গড়ে মালাউই। ঘানাকে বিদায় করে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় তারা।
ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের বিশ্বকাপে আফ্রিকা থেকে সরাসরি টিকিট পেয়েছে চার দল। মালাউইর সঙ্গে জায়গা নিশ্চিত করেছে আলজেরিয়া, ক্যামেরুন ও মরক্কো। আফ্রিকা কাপ অব নেশনসের চার কোয়ার্টার ফাইনাল জয়ী দলই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।
বুধবার প্রথম সেমিফাইনালে আলজেরিয়ার মুখোমুখি হবে মালাউই। অন্য সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন।
এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছে ক্যামেরুন। আগের নয়টি বিশ্বকাপের সবকটিতে খেলা নাইজেরিয়াকে এবার বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। তবে আফ্রিকা থেকে আরও দুটি দলের বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে।
নাইজেরিয়ার বিদায়ে নিশ্চিত হয়েছে আরও একটি বিষয়—এবার নারী আফ্রিকা কাপ অব নেশনসে নতুন কোনো চ্যাম্পিয়নের দেখা মিলবে। কারণ নাইজেরিয়া ছাড়া এই টুর্নামেন্ট জিতেছে কেবল ইকুয়েটোরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকা।