বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ড প্রবাসী তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস। আগামী মাসে উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে যশোরের শামস-উল-হুদা একাডেমিতে চলছে বাংলাদেশের ক্যাম্প। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তরুণ।
গতকাল রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশে এসে নিজের অনুভূতির কথা জানান অ্যাডাম। মায়ের দেশ বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়াকে গর্বের বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানকার মানুষের ভালোবাসা আমি গভীরভাবে উপলব্ধি করছি। বাংলাদেশের হয়ে খেলতে পারা এবং জাতীয় দলে ডাক পাওয়া আমার জন্য ভীষণ গর্বের বিষয়। যেহেতু এটি আমার মায়ের দেশ, তাই পুরো পরিবারও দারুণ আনন্দিত। আমি এখন শুধু মাঠে নেমে দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় আছি।’
ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের বাংলাদেশের ফুটবলে আসার গল্পও বেশ সহজ। তিনি জানান, বাংলাদেশের একটি ফুটবল দল ও হামজা চৌধুরীসহ কয়েকজন সমবয়সী খেলোয়াড় সম্পর্কে জানার পর যোগাযোগের মাধ্যমেই শুরু হয় তার পথচলা।
অ্যাডাম বলেন, ‘আমি জানতে পেরেছিলাম যে বাংলাদেশের একটি ফুটবল দল আছে। এছাড়া হামজা চৌধুরী এবং জাতীয় দলে খেলা আমার সমবয়সী আরও কয়েকজন খেলোয়াড় সম্পর্কেও আমার জানাশোনা ছিল। পরে একজনের সঙ্গে যোগাযোগ করি এবং সেখান থেকেই মূলত সবকিছু শুরু হয়।’
কোচ জেরার্ড জোন্সের প্রশংসা করে তিনি বলেন, ‘কোচ জেরার্ড খুব সুন্দর কিছু ড্রিল করিয়েছেন। তার মূল মন্ত্র হলো— প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়াও, বেশি খাটো, ভালো খেলো, বেশি গোল করো এবং রক্ষণ সামলাও।’
দলে যোগ দেওয়ার পর পরিবেশও ভালো লেগেছে অ্যাডামের। তার ভাষায়, ‘দলের সবাই ভীষণ পরিশ্রমী। আমি এখানে এসেছি মাত্র দু-একদিন হলো, এসেই বুঝতে পেরেছি দলের মানসিকতা কতটা পজিটিভ। আজ আমার প্রথম ট্রেনিং সেশন ছিল এবং এটি সত্যিই দারুণ কেটেছে।’