ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীকে খুনের হুমকি দিয়ে একের পর এক উড়ো চিঠি পাঠানো হচ্ছে। শুধু সৌরভ নন, তার স্ত্রী ডোনা গাঙ্গুলী ও পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে এমন চিঠি আসলেও এবার বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
জানা গেছে, প্রায় ছয় মাস ধরেই রহস্যময় চিঠিগুলো আসছিল। সাধারণ ভক্তের চিঠি মনে করে শুরুতে সেগুলোকে গুরুত্ব দেননি সৌরভ। তবে সোমবার নতুন একটি চিঠি হাতে আসার পর বিষয়টি ভয়ংকর রূপ নেয়। ছোট ছোট অক্ষরে ইংরেজিতে লেখা ওই চিঠিতে সৌরভ ও তার স্ত্রীকে বাড়িতে ঢুকে ‘খুন’ করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি সৌরভের ঘনিষ্ঠরাও রেহাই পাবেন না বলে হুমকি দেওয়া হয়। চিঠি পাওয়ার পরই সৌরভের পক্ষ থেকে বেহালার বেলপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ার করে চিঠিগুলো পাঠিয়েছেন। ওই কুরিয়ার সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। তবে কী কারণে সৌরভ ও তার পরিবারকে লক্ষ্য করে এমন হুমকি দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।