বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর ২০ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডারউইনে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে তারা। পেস আক্রমণে ফিরেছেন জশ হ্যাজলউড, ফলে একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ডের।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার সেরা পেস আক্রমণ একসঙ্গে খেলতে যাচ্ছে। হ্যাজলউড গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি। চোটের কারণে অ্যাশেজেও ছিলেন না তিনি। প্যাট কামিন্সও অ্যাশেজে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন।
ব্যাটিংয়ে জেক ওয়েদারল্ড ও ট্রাভিস হেডের ওপর থাকছে ওপেনিংয়ের দায়িত্ব। এরপর মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। বো ওয়েবস্টারও আছেন একাদশে। বোলিংয়ে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজলউডের সঙ্গে থাকছেন ওয়েবস্টার।
অ্যাডিলেডে হ্যামস্ট্রিংয়ের চোটে অ্যাশেজ থেকে ছিটকে যাওয়া নাথান লায়নও ফিরেছেন একাদশে। তবে স্কট বোল্যান্ডের পাশাপাশি জায়গা হয়নি জশ ইংলিসের। অন্যদিকে বাংলাদেশের একাদশ এখনো ঘোষণা করা হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলে কিছু ছোটখাটো চোটের সমস্যা রয়েছে। তবে লিটন দাস খেলার মতো সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার একাদশ
জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।