‘কী মনে হয় এটা কি তিন দিনের টেস্ট হতে চলেছে?’—প্রশ্নটা শুনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের মুখে ফুটে উঠল হাসি। এরপর তার ছোট্ট উত্তর, ‘কে বলতে পারে?’
ডারউইন টেস্ট মাঠে গড়ানোর আগেই তাই ম্যাচটি কতদিন টিকবে, তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল। বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের প্রত্যাশাও খুব একটা আশাবাদী নয়। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
তবে ডারউইনের উইকেট অস্ট্রেলিয়ার অন্য ভেন্যুগুলোর মতো পুরোপুরি পেস সহায়ক নয়। বরং স্পিনাররাও এখানে যথেষ্ট সুবিধা পেতে পারেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মনে করেন, ব্যাটিংয়ের জন্য উইকেটটি ভালো হতে পারে।

কিন্তু সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে আদর্শ উইকেটেও মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্যাম্পবেল থমসনের পেস ও কোরি রকিচিওলির স্পিনে ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। অস্ট্রেলিয়ার পাইপলাইনের ক্রিকেটারদের বিপক্ষেই যখন এমন অবস্থা, মূল দলের বিপক্ষে চ্যালেঞ্জটা যে আরও কঠিন, তা বলার অপেক্ষা রাখে না।
তবু বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ কামিন্স। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, ‘নিশ্চিত নই (বাংলাদেশের এই দলকে কীভাবে রেট করবেন), হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও কিছু জানাতে পারব। তবে হ্যাঁ, ওরা এমন একটি দল যাদের বিরুদ্ধে কোনো ‘আইসিসি’ ইভেন্টে নামলে বেশ নার্ভাস লাগতেই পারে, কারণ ওদের দলে কিছু বড় মাপের খেলোয়াড় আছে।’