টেস্ট অধিনায়কত্বে ফিরেই ব্যাট হাতে দারুণ সাড়া পেয়েছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে মোট ১৯৩ রান করেছেন পাকিস্তানের এই ব্যাটার। এর সুবাদে দুই বছর পর আবারও আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরেছেন তিনি।
প্রথম টেস্টে পাকিস্তান হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে বাবরের গুরুত্বপূর্ণ অবদানে জয় পায় দল। ফলে ১-১ সমতায় শেষ হয় দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্টে ৮৮ ও অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন বাবর। এই পারফরম্যান্সে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
২০২৪ সালের সেপ্টেম্বরে টেস্টের সেরা দশ থেকে ছিটকে গিয়েছিলেন বাবর। তার আগে টানা তিন বছর এই তালিকায় ছিলেন তিনি। টেস্টে বাবরের ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং দ্বিতীয়, যা ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অর্জন করেছিলেন।