ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক নয় উইকেটের জয়ে দলের নির্ভীক মানসিকতার প্রতীক হয়ে উঠেছে স্টিভ স্মিথ ও লিটন দাসের বাকবিতণ্ডা। টেস্টের তৃতীয় দিনের সেই ঘটনা ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের বলে স্মিথের ব্যাটে আলতো ছোঁয়া লেগেছে মনে করে ক্যাচটি লুফে নেন লিটন। আম্পায়ার আউট না দেওয়ায় বাংলাদেশ রিভিউ নেবে কি না, তখন স্মিথ বলেন, ‘নাও রিভিউ। চালিয়ে যাও। নাও রিভিউ। আরেকটা রিভিউ নষ্ট করো। তোমার যা ইচ্ছা তাই করো। নিজের কাজ করো।’
বাংলাদেশ রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নিলে লিটন জবাব দেন, ‘আপনি ব্যাটিং করুন। শুধু নিজের ব্যাটিংটা করুন।’
স্মিথ বলেন, ‘আমি তো ব্যাটিংই করছি।’
লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাটিংটুকু করুন।’
এরপর স্মিথ বলেন, ‘না, আমার যা ইচ্ছা আমি তা-ই করব। আমি যা চাই তা-ই করতে পারি।’
শেষ পর্যন্ত অবশ্য হাসিটা ছিল বাংলাদেশেরই। ৪৪ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্মিথ।
ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান বলেন, এই বাকবিতণ্ডা প্রমাণ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় নিশ্চিত করার পথে বাংলাদেশ একচুলও ছাড় দিতে প্রস্তুত ছিল না। তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সেখানে কিছুটা বাকবিতণ্ডা হয়েছিল। মনে হয় স্টিভ স্মিথই লড়াইটা উসকে দেওয়ার চেষ্টা করেছিলেন।’
সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘লিটন দাসের সাথে স্মিথের সেই সামান্য কথা কাটাকাটির পর, পুরো ইনিংসে বাংলাদেশ দলের খেলোয়াড়রা আর এক মুহূর্তের জন্যও চুপ থাকেনি। এটি সত্যিই অবিশ্বাস্য ছিল। তাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, তারা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল।’