ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টের আগে বড় পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড, আর তার জায়গায় দলে ফিরেছেন ম্যাথিউ রেনশ। ফলে অ্যাশেজজয়ী উদ্বোধনী জুটি ভেঙে গেল মাত্র এক টেস্ট পরেই।
ডারউইন টেস্টে দুই ইনিংসে ২৩ ও শূন্য রান করেছিলেন ওয়েদারাল্ড। ১২ ইনিংসে তার ক্যারিয়ার গড় নেমে এসেছে ২০ দশমিক ৩৬-এ। তাই ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেন করার দৌড়ে রেনশই এগিয়ে রয়েছেন।
ব্রিসবেনে দলের সঙ্গে অনুশীলন করা রেনশ ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট খেলতে যাচ্ছেন। ১৪টি টেস্ট খেলা এই ব্যাটারের গড় ২৯ দশমিক ৩১। প্রথম শ্রেণির ক্রিকেটে গত মৌসুমে তিনটি সেঞ্চুরিসহ ৪৯ দশমিক ৯০ গড়ে রান করেছেন তিনি।
তবে ওপেনিংয়ে রেনশ একমাত্র বিকল্প নন। জশ ইংলিসও হেডের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন। অস্ট্রেলিয়ার নির্বাচকেরা অতীতে তাঁকে ওপরের সারিতে খেলানোর কথা বিবেচনা করেছেন।
এদিকে প্রথম টেস্টে ১ ও ৩১ রান করা মার্নাস লাবুশেনও চাপে রয়েছেন। ফলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটারের মধ্যে দুটি পরিবর্তন দেখা যেতে পারে।