শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির সামনে টিকতে পারল না ক্রিস্টাল প্যালেস। শুক্রবার দিবাগত রাতে প্যালেসকে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিটিজেনরা। ম্যাচে জোড়া গোল করেছেন রায়ান চেরকি ও আর্লিং হলান্ড।
নিজেদের মাঠে শুরুটা ভালোই করেছিল প্যালেস। তবে ১৭ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ সিটির হাতে চলে যায়। অ্যান্টোইন সেমেনিওর ক্রস থেকে লাফিয়ে উঠে হেডে গোল করেন হলান্ড। প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন বলটি ধরে রাখতে পারেননি। নতুন মৌসুমে এটাই ছিল হলান্ডের প্রথম গোল।
এরপরও আক্রমণ চালিয়ে যায় সিটি। ২১ মিনিটে সুযোগ পেয়েছিলেন ফিল ফোডেন, কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে প্যালেসের এডি এনকেতিয়াও গোলের সুযোগ নষ্ট করেন।
৫৪ মিনিটে ব্যবধান বাড়ান চেরকি। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে বল জালে পাঠিয়ে সিটিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে দুই মিনিট পরই ম্যাচে ফিরে আসার আশা দেখায় প্যালেস।
ইয়েরেমি পিনোর ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর বলটি সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার গায়ে লেগে পোস্টে গিয়ে জালে ঢুকে যায়। ফলে প্যালেস একটি গোল শোধ করে।
তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটির ব্যবধান আবার বাড়িয়ে দেন চেরকি। তার নেওয়া শট ক্রিস রিচার্ডসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।
ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান হলান্ডও। ৮৫ মিনিটে ফোডেনের পাস থেকে বাঁ পায়ে জোরালো শটে গোল করেন তিনি। তাতেই সিটির ৪-১ গোলের জয় নিশ্চিত হয়।
এই জয়ে প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে এনজো মারেস্কার দল। সামনে প্রায় এক সপ্তাহের বিশ্রামও পাচ্ছে সিটি। এরপর নতুন প্রমোশন পাওয়া দল কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবে তারা। এর পরের সপ্তাহেই অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুমের প্রথম ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।