বয়স যে ক্রিকেটে সাফল্যের পথে বাধা নয়, সেটিই যেন নতুন করে দেখিয়ে দিলেন জোয়ান হিকস। ৫১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট নিয়ে নতুন ইতিহাস লিখেছেন আইল অব ম্যানের এই অফস্পিনার। গ্রিসের বিপক্ষে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
রোমানিয়ায় চলমান নারী কন্টিনেন্টাল কাপে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন হিকস। চার ওভারে মাত্র ১০ রান খরচ করে তুলে নেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিতে মাত্র ১৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায় গ্রিস।
জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সময় নেয়নি আইল অব ম্যান। মাত্র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে তারা। ম্যাচজয়ী বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন হিকস।
১৯৭৫ সালের ৯ মার্চ জন্ম নেওয়া হিকসের ম্যাচের দিন বয়স ছিল ৫১ বছর ১৭১ দিন। নারী কিংবা পুরুষ, আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বছর বয়স পেরিয়ে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির এর আগে আর কোনো বোলারের ছিল না।
গ্রিসের ব্যাটিং ধসিয়ে দেওয়ার পথে লিডিয়া কাটসিমারি, সোফিয়া-নেফেলি জিওরগোটা, অ্যাঞ্জেলিকি-ইওয়ান্না আরগিরোপুলো, থিওডোরা পারিসি-মেসিমেরি ও আলেকসান্দ্রা কুরকুলুকের উইকেট নেন হিকস। তাঁর পাঁচ উইকেটের চারটিই আসে বোল্ড কিংবা এলবিডব্লু থেকে।
হিকসের এই কীর্তিতে ভেঙে গেছে প্রায় ৯৪ বছর ধরে টিকে থাকা একটি আন্তর্জাতিক রেকর্ড। এত দিন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গারের দখলে। ১৯৩২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বছর বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
সেই টেস্টের প্রথম ইনিংসে ৬ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন আয়রনমঙ্গার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে গুটিয়ে যায়। ম্যাচটি ইনিংস ও ৭২ রানে জেতে অস্ট্রেলিয়া।
প্রায় এক শতাব্দী ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার পেছনে ফেললেন জোয়ান হিকস। ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক মাইলফলকই শুধু গড়েননি, বয়সের হিসাবকে যেন নতুন করে লিখেছেন আইল অব ম্যানের এই স্পিনার।