মাত্র একদিন আগেই ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগায় সবার ওপরের নামটা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো মাত্র ২৪ ঘন্টা। রোববার রাতে ক্যাম্প ন্যুতে নিজেদের শক্তির জানান দিয়ে আবারও লিগের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিল বার্সেলোনা।
হ্যান্সি ফ্লিকের দলটি রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে। এই জয়ে রিয়ালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেল বার্সা। স্কোরলাইনে সহজ মনে হলেও ম্যাচের গল্পটা শুরুতে মোটেও এমন ছিল না।
প্রথমার্ধে বার্সেলোনার খেলায় ছিল না পরিচিত ছন্দ। মাঝমাঠে পাসের ভুল, আক্রমণে সমন্বয়ের ঘাটতি; সব মিলিয়ে হতাশাজনক ৪৫ মিনিট কাটে স্বাগতিকদের। বরং ওভিয়েদোর হাইসেম হাসানের দূরপাল্লার শট ঠেকিয়ে বড় বিপদ থেকে দলকে রক্ষা করেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া।
বিরতির পর দৃশ্যপট বদলে যায়। নতুন গতি আর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বার্সা। ম্যাচের ৫২ মিনিটে প্রথম পেরেক মারেন দানি ওলমো। ইয়ামাল ও রাফিনিয়াকে সামলাতে গিয়ে রক্ষণভাগের ফাঁকটাই কাজে লাগান তিনি। পাঁচ মিনিট পর প্রতিপক্ষের ভুলকে শাস্তি দেন রাফিনিয়া, দাভিদ কোস্তাসের দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশ।
তবে রাতের আসল নায়ক ছিলেন লামিন ইয়ামাল। ম্যাচের শেষ ভাগে দানি ওলমোর ক্রস একটু পেছনে চলে গেলেও দারুণ শারীরিক ভারসাম্য আর তাৎক্ষণিক সিদ্ধান্তে শূন্যে ভেসে অসাধারণ এক কিকে বল জালে পাঠান এই কিশোর তারকা। গ্যালারি তখন উল্লাসে ফেটে পড়ে। ইয়ামালের সেই জাদুকরী গোলেই শুধু ম্যাচ নয়, বার্সেলোনার শীর্ষস্থান পুনরুদ্ধারের ঘোষণাও সম্পূর্ণ হয়।