সম্প্রতি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই প্রেক্ষাপটে সংস্থাটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদি। তার দাবি, আইসিসি বর্তমানে ভারতের প্রভাব থেকে মুক্ত নয়; বরং সেটি যেন ধীরে ধীরে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’-এ রূপ নিয়েছে।
আফ্রিদির এই মন্তব্যের সঙ্গে একমত অনেক ক্রিকেট বিশ্লেষকও। তাদের মতে, আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারতের প্রভাব স্পষ্ট। আর অধিকাংশ ক্ষেত্রেই ভারত যা চায়, আইসিসির অবস্থানও সেদিকেই ঝুঁকে পড়ে। এ প্রসঙ্গে আফ্রিদি উল্লেখ করেন, বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় নাগরিক এবং তিনি আগে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। পাশাপাশি ভারতের বিশাল অর্থনৈতিক শক্তিও আইসিসির সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।
তবে বাংলাদেশের বিশ্বকাপসংক্রান্ত সাম্প্রতিক ইস্যুতে বিসিসিআই নিজেও চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন আফ্রিদি। তার ভাষায়, ‘পাকিস্তানের সঙ্গে পুরনো রাজনৈতিক জটিলতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। যদিও তারা নিজেদের খেলোয়াড়দের জন্য সুযোগ নিশ্চিত করতে চায়, রাজনৈতিক বাস্তবতা সেখানে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
সবশেষে আফ্রিদি বলেন, ‘ভারতের বর্তমান মোদি সরকারের নীতির কারণে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বারবার আলোচনার কেন্দ্রে আসছে, যার প্রভাব ক্রিকেটের ভেতরেও পড়ছে এবং তা বিশ্ব ক্রিকেটে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।’