লা মাসিয়া থেকে উঠে আসা প্রতিভাবান মিডফিল্ডার ফার্মিন লোপেজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা। শুক্রবার (৩০ জানুয়ারি) ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের জার্সিতেই থাকবেন তিনি।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন ফার্মিন। যার মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বেতন বৃদ্ধি ও পারফরম্যান্সভিত্তিক বোনাস যুক্ত করে সেই চুক্তিই আরও দুই বছর বাড়ানো হয়েছে।
চেলসিসহ ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব দীর্ঘদিন ধরেই ২১ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে টানতে আগ্রহ দেখালেও, সব জল্পনা শেষে ক্যাম্প ন্যুতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ফার্মিন। ২০১৬ সালে রিয়াল বেটিস ছেড়ে মাত্র ১৬ বছর বয়সে লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন তিনি, সেখান থেকেই আজকের এই উত্থান।
মাঠের পারফরম্যান্সেই মূলত বার্সেলোনার আস্থা আরও পোক্ত করেছেন ফার্মিন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ২৬ ম্যাচ, এর মধ্যে ১৮টিতেই ছিলেন শুরুর একাদশে। ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত ছন্দে থেকে ২১টি গোল অবদানে রেখেছেন তিনি। ১০টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে তার চেয়ে বেশি গোল অবদান রয়েছে কেবল লামিনে ইয়ামালের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট, দুটিতেই দুই অঙ্কে পৌঁছানো মাত্র চারজন খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন ফার্মিন ও ইয়ামাল।
সংক্ষেপে বললে, ফার্মিন লোপেজকে ঘিরে বার্সেলোনার পরিকল্পনা এখন দীর্ঘমেয়াদি।