সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া একটি খবরে দাবি করা হয়, ফিক্সিং সন্দেহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৈরি হয় আলোচনা ও বিভ্রান্তি। সেই দাবি সরাসরি নাকচ করেছে বিসিবি।
রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এমন বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল আমিনুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন, এমন দাবিকে ভিত্তিহীন ও মনগড়া বলেছে বিসিবি। লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’
বিসিবির দাবি, এসব কার্যক্রম বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ন করা এবং বোর্ড ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলে মনে করে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলোয়াড় বা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো ধরনের কুৎসা ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।