বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসানের উপস্থিতি থেমে নেই। তারকা খ্যাতি আর অভিজ্ঞতার ভরসায় ফ্র্যাঞ্চাইজিগুলোতে সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার। সেই ধারাবাহিকতায় এবার তার গন্তব্যের তালিকায় যুক্ত হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসন্ন পিএসএল নিলামের জন্য আনুষ্ঠানিকভাবে নিজের নাম জমা দিয়েছেন সাকিব।
নিলামে নাম লেখান আরেকজন বাংলাদেশি ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গত ডিসেম্বরের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়।
তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় কয়েকটি সংগঠন ও বিজেপির একটি অংশ তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। চাপের মুখে এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপের পর শেষ পর্যন্ত ফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স।
এরপরই মোস্তাফিজ পাকিস্তানকে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। এর আগে তিনি ২০১৮ সালে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই আসরে পাঁচ ম্যাচে চারটি উইকেট শিকার করেছিলেন তিনি।
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। সাকিব ও মোস্তাফিজের পাশাপাশি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বেশ কয়েকজন শীর্ষ আন্তর্জাতিক তারকা ক্রিকেটার। তালিকায় রয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মইন আলী, ফাফ ডু প্লেসিস, কেশব মহারাজ ও কেন উইলিয়ামসন।