ক্লাব দলবদলের গুঞ্জল চলছিল কিছুদিন ধরেই। তবে চুক্তির কিছু জটিলতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা আসছিল না। অবশেষে সেই অনিশ্চয়তা কাটিয়ে আবারও ইউরোপের ক্লাব ফুটবলে ফিরছেন এনগোলো কান্তে। আল-ইত্তিহাদ থেকে এই মিডফিল্ডার পাড়ি জমিয়েছেন তুরস্কের ক্লাব ফেনারবাচেতে।
তুরস্কের ক্লাবটি সামাজিক মাধ্যমে বুধবার স্বাগত জানায় কান্তেকে। এই ক্লাবে ফরাসি তারকার চুক্তি সম্পন্ন হয়েছে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত। মূলত ফেনারবাচের ইউসেফ এন-নেসিরির সঙ্গে কন্তেকে অদলবদল করেছে সৌদি ক্লাব আল-ইত্তিহাদ। কারিম বেনজেমা আল-হিলালে চলে যাওয়ার পর বিকল্প ফরোয়ার্ড খুঁজছিল তারা।
ফেনারবাচে বলেছে, ‘লাইক ফর লাইক’ দলবদলের ক্ষেত্রে ফিফার ট্রান্সফার ম্যাচিং সিস্টেমের প্রাসঙ্গিক তথ্য দিতে ভুল করেছে আল-ইত্তিহাদ। শেষ পর্যন্ত সেই জটিলতা কাটিয়ে আড়াই বছর পর ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন বিশ্বকাপজয়ী এই তারকা খেলোয়াড়।
২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির রূপকথার শিরোপা জয়ে বড় অবদান ছিল কান্তের। পরের মৌসুমে চেলসিতে পাড়ি জমিয়ে জিতে নেন তিনি লিগ শিরোপা। চেলসির জার্সিতে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
সাত বছর চেলসিতে কাটিয়ে ২০২৩ সালে তিনি নাম লিখিয়েছিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদে। গত মৌসুমে সৌদি ক্লাবটির হয়ে তিনি জেতেন ঐতিহাসিক ডাবল। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ শিরোপা জয়ে কান্তের অবদান ছিল চোখে পড়ার মত। তবে গত বিশ্বকাপ তিনি খেলতে পারেননি চোটের কারণে। সব ঠিকঠাক থাকলে এই বছরের বিশ্বকাপে আবার ফ্রান্সের ভরসা হতে পারেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।