বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন বাকি থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াগত জটিলতা যেন আরও ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ দলকে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে সরিয়ে দেওয়া এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদের জেরে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে উত্তেজনার জন্ম দিয়েছিল। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় তা নতুন মাত্রা পেয়েছে। এই অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে এবার আইসিসিকে ভবিষ্যতের জন্য সতর্ক করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা নতুন নয়। তবে দীর্ঘদিন এই দ্বন্দ্ব ক্রিকেট মাঠে সরাসরি প্রভাব ফেলেনি। গত এক দশকে এসে দৃশ্যপট পাল্টে যায়। ২০১২-১৩ মৌসুমে পাকিস্তান সর্বশেষবার ভারতে সফর করে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল। এরপর থেকেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। এখন তারা কেবল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত টুর্নামেন্টেই মুখোমুখি হয়।
ভারত-পাকিস্তান ম্যাচ দর্শক আগ্রহ ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত লাভজনক হওয়ায় আইসিসি সাধারণত বড় টুর্নামেন্টে দুই দলকে একই গ্রুপে রাখার চেষ্টা করে। কিন্তু মোস্তাফিজ ইস্যু ও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে চরমে নিয়ে যায়। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে বিষয়টিকে দ্বিচারিতা হিসেবে দেখেছে পাকিস্তান।
এরপর পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শুরু হয়। যদিও পরে পাকিস্তান সরকার দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দেয়, তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে বিতর্ক দানা বাঁধে।
এই প্রেক্ষাপটে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিল গাভাস্কার বলেন, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে আইসিসিকে এখনই অবস্থান পরিষ্কার করতে হবে। তার মতে, ভারত ও পাকিস্তানকে জোর করে একই গ্রুপে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত আইসিসির। ‘ড্র যেভাবে হয়, সেভাবেই মেনে নিয়ে এগোনোর সময় এসেছে,’ বলেন গাভাস্কার।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ভিন্ন গ্রুপে ছিল। ফলে টুর্নামেন্টের কোনো পর্যায়েই তাদের দেখা হয়নি। সেখান থেকেই মূলত দুই দলকে একই গ্রুপে রাখার প্রবণতা শুরু হয় বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কঠোর সমালোচনা করেন গাভাস্কার। তার দাবি, ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক খেলা ও ফলাফল তাদের দুর্বলতাই প্রকাশ করছে। গাভাস্কার বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ভারত স্বাভাবিকভাবেই দুই পয়েন্ট পাবে, আর সাম্প্রতিক বাস্তবতায় ভারতের আলাদা করে বাড়তি চেষ্টা করারও প্রয়োজন পড়ে না। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারত সহজেই পাকিস্তানকে হারিয়ে আসছে।