আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সামনে রেখে সরাসরি চুক্তিতে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। তবে দলভুক্ত হওয়ার মাত্র দুদিনের মাথায় টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই আফগান ব্যাটার।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন গুরবাজ।
ভিডিও বার্তায় গুরবাজ জানান, সফলভাবে বিশ্বকাপ শেষ করার পর তিনি নিজের প্রিয় মাতৃভূমি আফগানিস্তানে ফিরে যেতে চান। সেখানে সরাসরি উপস্থিত থেকে তার ফাউন্ডেশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা এবং দেশের মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করাই এই সিদ্ধান্তের মূল কারণ।
এদিকে গুরবাজের এই সিদ্ধান্তের প্রভাব পিএসএলে আরও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার পথ অনুসরণ করে আরও কয়েকজন আফগান ক্রিকেটার পিএসএল থেকে সরে দাঁড়াতে পারেন। সম্ভাব্য এই তালিকায় নাভিন উল হক ও মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটারদের নামও শোনা যাচ্ছে।
পিএসএল শুরুর ঠিক আগে এমন সিদ্ধান্ত টুর্নামেন্টের দল গঠনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।