ম্যাচের প্রথম আধ ঘণ্টার মধ্যেই ১০ জনের দলে পরিণত হয় টটেনহ্যাম হটস্পার। আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর লাল কার্ডে ছিটকে পড়ার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ২-০ গোলের জয় তুলে নেয়চ ম্যানচেস্টার ইউনাইটেড।
৩৮ মিনিটে ক্যামেরুন ফরোয়ার্ড ব্রায়ান এমবুয়েমোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। পরে ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এই জয়ে ২৫ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে মাইকেল ক্যারিকের দল।
ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যেই বড় সুযোগ পায় ইউনাইটেড। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট করেন এমবুমো। এরপর ১১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান টটেনহ্যামের গোলরক্ষক।
২৯ মিনিটে নিজেদের ভুলে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ডি-বক্সের একটু বাইরে ক্যাসেমিরোকে অহেতুক বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ান রোমেরো। একজন কমে যাওয়ার পর ব্যাকফুটে চলে যায় টটেনহ্যাম।
এর নয় মিনিট পরই পিছিয়ে পড়ে দলটি। সংক্ষিপ্ত কর্নার থেকে সতীর্থের কাটব্যাক পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবুয়েমো।
দ্বিতীয়ার্ধে ইউনাইটেড আরও দুইবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল। তবে শেষ পর্যন্ত ৮১ মিনিটে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। ডান দিক থেকে ডিয়াগো ডালোটের ক্রসে সেসকো হেডে ছোঁয়া দিতে ব্যর্থ হলেও বক্সের বাইরে বল পেয়ে প্রথম ছোঁয়ার শটে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।
এই হারের ফলে ২৫ ম্যাচে দশম পরাজয় নিয়ে ২৯ পয়েন্টে টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার।