পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো ড্রাফটের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে নিলামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
বাংলাদেশিরা ছাড়াও ড্রাফটে আছেন অস্ট্রেলিয়ার ৬০ জন ও ওয়েস্ট ইন্ডিজের ৫৭ জন ক্রিকেটার। অন্যান্য বিদেশিদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার ৪৭, সংযুক্ত আরব আমিরাতের ৩৭, আফগানিস্তানের ৩৬, ইংল্যান্ডের ৩৫, দক্ষিণ আফ্রিকার ৩৩ এবং নিউজিল্যান্ডের ৩২ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ২০, আয়ারল্যান্ডের ১৩ ও জিম্বাবুয়ের ১১ জন খেলোয়াড়ও রয়েছেন।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ২.২০ কোটি পাকিস্তানি রুপি হিসেবে পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। ১.১০ কোটি রুপি ক্যাটাগরিতে রয়েছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ৬০ লাখ রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে নাঈম শেখ, সাব্বির রহমান, আকবর আলি ও আলিস আল ইসলামদের।
অন্যদিকে, একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। লাহোর কালান্দার্স তাকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৮২ লাখ) দলে নিয়েছে।