১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। তবে আইসিসির অনুরোধে ম্যাচ খেলতে রাজি হওয়ার ইঙ্গিত দিলেও এবার তিনটি শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন শর্তের মধ্যে দুটি সরাসরি বাংলাদেশকেন্দ্রিক, আর অন্যটি পাকিস্তানের নিজস্ব অবস্থান থেকে উত্থাপিত। পাকিস্তানের দাবি, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর দায় আইসিসিকে নিতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথমত বাংলাদেশকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ যেন অংশগ্রহণ ফি পায়, সেই দাবিও তোলা হয়েছে। পাকিস্তানের যুক্তি, বিশ্বকাপের প্রস্তুতিতে দলগুলো বড় অঙ্কের বিনিয়োগ করে থাকে, তাই টুর্নামেন্টে মাঠে না নামলেও একটি ন্যূনতম আর্থিক নিরাপত্তা প্রাপ্য।
এনডিটিভি আরও জানায়, বাংলাদেশের ক্রিকেটে ক্রমবর্ধমান অবদান বিবেচনায় আইসিসির রাজস্ব বণ্টনে দেশটির অংশ বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে। বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবকাঠামো উন্নয়ন, প্রতিভা গড়ে তোলা এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে বাড়তি তহবিল জরুরি।
পাকিস্তানের তৃতীয় শর্তটি হলো ভবিষ্যৎ-এ বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, দর্শকসমর্থন এবং আয়োজন সক্ষমতা এখন বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য উপযুক্ত।
সব শর্ত পূরণ হলেই ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে নামার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান; এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আপাতত পুরো বিষয়টি নিয়ে আইসিসির ভেতরে উচ্চপর্যায়ের আলোচনা চলমান।
এক নজরে পাকিস্তানের তিন শর্ত
১. আইসিসির রাজস্ব থেকে বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব বাড়ানো
২. বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি প্রদান
৩. অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্টের আয়োজক করা